নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা সোমবার। তাঁর আগে নির্বাচন কমিশন সমস্ত রকম চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। জানা গিয়েছে, পুরুলিয়ায় ৯ টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনার কাজে যুক্ত থাকবেন মোট ৯৩৬ জন কর্মী।
১৫০ টি টেবিলে ভোট গণনা হবে । পোস্টাল ব্যালট গণনা হবে ৫৫টি টেবিলে। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, রঘুনাথপুর কলেজ ও মানবাজার মানভূম মহাবিদ্যালয় এই তিনটি গণনা কেন্দ্র রয়েছে। তার মধ্যে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে পুরুলিয়া, জয়পুর, বাঘমুন্ডি ও বলরামপুর বিধানসভা কেন্দ্রের, রঘুনাথপুর কলেজে রঘুনাথপুর, পাড়া ও কাশিপুর বিধানসভা কেন্দ্রের ও মানবাজার মানভূম মহাবিদ্যালয়ে মানবাজার ও বান্দোয়ান কেন্দ্রের গণনা হবে।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ কোম্পানি, রঘুনাথপুর কলেজের জন্য ২ কোম্পানি ও মানবাজার মানভূম মহাবিদ্যালয়ের জন্য ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ভোট শেষে যে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার মধ্যে ৭ কোম্পানি গণনার কাজে মোতায়েন থাকছে। বাকি ৩ কোম্পানি বাহিনী বিভিন্ন এলাকায় এরিয়া ডমিনেশনের কাজে রয়েছে।
তাছাড়া গণনা কেন্দ্রের বাইরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দু'জন অতিরিক্ত পুলিশ সুপার, ৬ জন ডিএসপি পদমর্যাদার আধিকারিক থাকবেন। প্রত্যেকটি গণনা কেন্দ্রের বাইরে ৩ জন করে মোট ৯ জন ইন্সপেক্টর থাকছেন। প্রত্যেকটি ইভিএম
টেবিলে গণনার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 'এ' ক্যাটাগরির আধিকারিকদের পাশাপাশি মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা থাকছেন। একইভাবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এ ক্যাটাগরি বা তার সমতুল্য আধিকারিকরা থাকবেন। সবমিলিয়ে ভোট গণনা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় , তার সমস্ত রকম ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।