সাধারণ খবর ব্লক

পুরুলিয়ার বেলকুঁড়ি টোল প্লাজার কাছে চলন্ত গাড়িতে আগুন! চোখের সামনে ভস্মীভূত চারচাকা!

বেলকুঁড়ি টোল প্লাজার ঠিক কাছাকাছি পৌঁছানো মাত্রই চালকের নজরে আসে অস্বাভাবিক ধোঁয়া ও আগুনের আঁচ। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন এবং সহযাত্রীদের নিয়ে দ্রুত নেমে আসেন।
পুরুলিয়ার বেলকুঁড়ি টোল প্লাজার কাছে চলন্ত গাড়িতে আগুন! চোখের সামনে ভস্মীভূত চারচাকা!

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া মফস্বল থানার বেলকুঁড়ি টোল প্লাজা সংলগ্ন এলাকায় চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লাগার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুনের তীব্রতায় ছোট চার চাকা গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলেও, সময়ের সামান্য ব্যবধানে প্রাণ বাঁচিয়ে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন চালকসহ তিন যাত্রী।
ঘটনাটির বিবরণে জানা যায়, গাড়িটি পুরুলিয়ার দিক থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। বেলকুঁড়ি টোল প্লাজার ঠিক কাছাকাছি পৌঁছানো মাত্রই চালকের নজরে আসে অস্বাভাবিক ধোঁয়া ও আগুনের আঁচ। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন এবং সহযাত্রীদের নিয়ে দ্রুত নেমে আসেন। ঠিক তার পরপরই পুরো গাড়িটিকে গ্রাস করে নেয় লেলিহান শিখা।

খবর পাওয়া মাত্রই পুরুলিয়া মফস্বল থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে সংশ্লিষ্ট লেনে গাড়ি চলাচল বন্ধ রাখা হলেও অন্যান্য লেন দিয়ে যান চলাচল সচল রাখা হয়। আগুনের উৎসের মূল কারণ অনুসন্ধানে যৌথভাবে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী।