নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দশমীর পর একাদশীর দিনেও পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল রাবণ দহন উৎসব। বৃহস্পতিবার ঝালদা ২ নম্বর ব্লকের টালিসেন্টার রাবণ ময়দানে ডুড়গু গ্রাম ষোলোআনা সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে রাবণ দহনের আয়োজন করা হয়। প্রত্যেক বছরের মতো এ বছরও অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই রাবণ দহন দেখতে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। পুজো কমিটির সভাপতি ললিত কুমার জানান, “প্রত্যেক বছরের মতো এ বছরও ঐতিহ্য মেনে রাবণ দহনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৩০ ফুট উচ্চতার বিশাল রাবণ। দর্শকদের মনোরঞ্জনের জন্য মেদিনীপুরের চোখধাঁধানো আতসবাজির ব্যবস্থাও করা হয়েছিল।” রাবণ দহন দেখতে ঝালদা ও আশপাশের এলাকা থেকেই নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ এসেছিলেন।
এ দিন আড়শা ব্লকে আড়শা ষোলোআনা দুর্গাপুজো কমিটির উদ্যোগেও আড়শা স্টেডিয়ামে রাবণ দহনের আয়োজন করা হয়। সেখানেও ভিড় ছিল উপচে পড়া। দু’জায়গাতেই নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো।