সাধারণ খবর শহর

মাদকের বিরুদ্ধে পুলিশের কড়া বার্তা ঝালদায়

মাদকের বিরুদ্ধে কড়া বার্তা দিতে এবং সুস্থ জীবনের পথ দেখাতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলার ঝালদা থানা। বুধবার ঝালদা থানার পক্ষ থেকে বিশেষভাবে পালিত হলো ‘অ্যান্টি ড্রাগ অ্যান্ড হেলদি লাইফস্টাইল ডে’ ।
মাদকের বিরুদ্ধে পুলিশের কড়া বার্তা ঝালদায়

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

সমাজের প্রাণশক্তি যুবসমাজকে মরণনেশা মাদকের  গ্রাস থেকে রক্ষা করতে  আরও বেশি সক্রিয় হলো প্রশাসন। মাদকের বিরুদ্ধে কড়া বার্তা দিতে এবং সুস্থ জীবনের পথ দেখাতে অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলার ঝালদা থানা। বুধবার  ঝালদা থানার পক্ষ থেকে বিশেষভাবে পালিত হলো ‘অ্যান্টি ড্রাগ অ্যান্ড হেলদি লাইফস্টাইল ডে’ ।

সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের একাংশের মধ্যে মাদকাসক্তির প্রবণতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সামাজিক ব্যাধিকে সমূলে উৎপাটন করতেই এদিনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ঝালদা থানার পুলিশ কর্মীদের হাতে থাকা বিশেষ ব্যানারে স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়, ‘মাদককে না বলুন’।

এদিনের কর্মসূচি কেবল পুলিশের কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি রূপ নেয় এক গণ-আন্দোলনে। পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে যান এবং মাদকের ভয়াবহ ও সর্বনাশ পরিণতি সম্পর্কে সকলকে ওয়াকিবহাল করেন। কীভাবে নেশার গ্রাস একটি হাসিখুশি পরিবার ও উজ্জ্বল ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে, তা তুলে ধরা হয় এদিনের প্রচারে। পাশাপাশি, মাদক পরিহার করে খেলাধুলা, পড়াশোনা এবং সঠিক নিয়মানুবর্তিতার মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যকর জীবনযাপনের আহ্বান জানানো হয়।

আইন প্রয়োগের পাশাপাশি এ ধরনের জনসচেতনতামূলক প্রচার সমাজ পরিবর্তনে অত্যন্ত কার্যকর ভূমিকা নেয়। ঝালদা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ উভয়ই। তবে প্রশাসনের একাংশের মতে, শুধু পুলিশ একা নয়, সমাজকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে হলে শিক্ষক, অভিভাবক সহ প্রতিটি নাগরিককে একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।