নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শহরের যানজট নিয়ন্ত্রণ ও সৌন্দর্যায়নের নামে হুট করেই কি কেড়ে নেওয়া হলো শত শত নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকার অবলম্বন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরুলিয়ার শহরে।
বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ব্যস্ততম ভগৎসিং মোড়ে এক বিশাল পুলিশ ও প্রশাসনিক বাহিনী নিয়ে যৌথ উচ্ছেদ অভিযান চালায় পুরুলিয়া পুরসভা। বুলডোজার দিয়ে নিমেষের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় বছরের পর বছর ধরে গড়ে ওঠা ফুটপাতের অস্থায়ী দোকানপাটগুলি। প্রশাসনের দাবি, যানজট মুক্ত করতেই এই পদক্ষেপ। তবে কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে আচমকা রুটি-রুজি কেড়ে নেওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
প্রশাসনের তরফ থেকে আগে মৌখিক নির্দেশ দেওয়া হলেও, বিকল্প আয়ের কোনো দিশা না দেখিয়ে এই ‘বুলডোজার নীতি’ বা উচ্ছেদ অভিযানকে ভালো চোখে দেখছেন না শহরের সাধারণ মানুষের একটা বড় অংশ। অনেকের মতেই, 'উন্নয়ন হোক, কিন্তু তা যেন গরিবের পেটে লাথি মেরে না হয়।'
বুলডোজারের তাণ্ডবে চোখের সামনে নিজের সাজানো দোকান ধ্বংস হতে দেখে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিন ধরে ফুটপাতে দোকান করা ব্যবসায়ী মোহাম্মদ মকবুল। ক্ষোভ এবং তীব্র হতাশা উগরে দিয়ে তিনি বলেন,
"ছোটখাটো ব্যবসা করে পরিবার চালাই। বছরের পর বছর ধরে এখানে দোকানদারি করছি, কোনোদিন কেউ এসে বলেনি যে আমাদের জন্য একটা বিকল্প বসার জায়গা করা হবে। হুট করে আজ বুলডোজার এনে সব ভেঙে গুঁড়িয়ে দিল! প্রশাসন আমাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থাই করল না। দোকানটাই যদি না থাকে, তবে কাল থেকে পরিবারকে খাওয়াব কী? আমাদের আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এখন না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় রইল না আমাদের।"