নিজস্ব প্রতিনিধি : পুরুলিয়া
চারপাশের নানা নেতিবাচক খবরের ভিড়ে মাঝে মাঝেই এমন কিছু ঘটনা ঘটে, যা মানুষের ওপর মানুষের বিশ্বাসকে নতুন করে ফিরিয়ে আনে। শুক্রবার ঠিক তেমনই এক অনন্য নজির দেখল পুরুলিয়া শহর। এক টোটো চালকের সততার সৌজন্যে থানায় ডায়েরি করতে গিয়েই নিজের হারিয়ে যাওয়া ব্যাগ অক্ষত অবস্থায় ফেরত পেলেন এক যাত্রী। এই ঘটনার পর থেকেই শহরজুড়ে প্রশংসায় ভাসছেন টোটো চালক অমর কর।
জানা গেছে, বাঘমুন্ডি থানার কুশলডি গ্রামের বাসিন্দা আমিন মাহাত এদিন পুরুলিয়া শহরের সুভাষ পার্ক এলাকা থেকে বাসস্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে একটি টোটো ভাড়া করেন। তাড়াহুড়ো করে বাসস্ট্যান্ডে নেমে যাওয়ার সময় অসাবধানতাবশত নিজের ব্যাগটি তিনি টোটোতেই ফেলে যান।
কিছুক্ষণ পর ব্যাগের কথা মনে পড়তেই মাথায় আকাশ ভেঙে পড়ে আমিনের। দিশেহারা হয়ে কোনো উপায় না দেখে তিনি তড়িঘড়ি ছোটেন পুরুলিয়া সদর থানায়, ডায়েরি করার জন্য।
গল্পের আসল টুইস্ট অপেক্ষা করছিল থানার ভেতরেই। আমিন মাহাত যখন উদ্বিগ্ন মুখে থানায় পৌঁছান, তখন তিনি দেখেন—যাঁর টোটোতে ব্যাগটি ফেলে এসেছিলেন, সেই চালক অমর কর ইতিমধ্যেই ব্যাগটি নিয়ে থানার ডিউটি অফিসারের টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন। যাত্রী ব্যাগ ফেলে নেমে গেছেন বুঝতে পেরেই অমরবাবু সময় নষ্ট না করে সোজা চলে আসেন থানায়, যাতে আসল মালিকের কাছে জিনিসটি নিরাপদে পৌঁছে দেওয়া যায়।
থানা চত্বরেই পুলিশের উপস্থিতিতে ব্যাগটি নিজের বলে শনাক্ত করেন আমিনবাবু। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে ব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া জিনিস এত দ্রুত এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফেরত পাবেন, তা ভাবতেও পারেননি আমিন মাহাত।