ক্রাইম শহর

পশ্চিমবঙ্গ হবে অপরাধ মুক্ত, এনকাউন্টার প্রসঙ্গে দাবি সাংসদের

রাজ্যে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথা স্পষ্ট জানিয়ে দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সাফ জানান, অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং রাজ্যকে সম্পূর্ণ অপরাধমুক্ত করাই তাঁদের সরকারের মূল লক্ষ্য।
পশ্চিমবঙ্গ হবে অপরাধ মুক্ত, এনকাউন্টার প্রসঙ্গে দাবি সাংসদের

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


রাজ্যে ১২ ঘণ্টার ব্যবধানে দুটি এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। এই প্রসঙ্গে সরব হয়ে রাজ্যে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথা স্পষ্ট জানিয়ে দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সাফ জানান, অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং রাজ্যকে সম্পূর্ণ অপরাধমুক্ত করাই তাঁদের সরকারের মূল লক্ষ্য।

বিজেপি সাংসদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাবে আর বছরের পর বছর কোর্ট-কাছারি চলতে থাকবে—এই দিন আর নেই।" মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক পদক্ষেপের প্রশংসা করে তিনি দাবি করেন, অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর ও দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে।
এনকাউন্টারের ঘটনা প্রসঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো স্পষ্ট জানান, এনকাউন্টার সংক্রান্ত বিষয়গুলি পুলিশের নিজস্ব সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়ার অধীনে পড়ে। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার কোনো অপরাধীকে আড়াল করবে না। পূর্ববর্তী সরকারের সময়ে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই দিন শেষ হয়ে গেছে ।
সাংসদ আরও জোর দিয়ে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যৌথ নেতৃত্বে পশ্চিমবঙ্গকে একটি সম্পূর্ণ অপরাধ ও ধর্ষণমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"