সাধারণ খবর অন্যান্য ব্লক

বান্দোয়ানে লেল্‌হে মাছির আক্রমণে মৃ*ত্যু শবর যুবকের, জখম ভাই-সহ একাধিক

জঙ্গলে লেল্‌হে মাছির চাক থেকে ডিম সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি শবর যুবকের। মাছির ঝাঁকের আক্রমণে গুরুতর জখম হয়ে মৃত্যু বছর পঁচিশের সম্রাট শবরের। তার ভাই বিদ্যুৎ-সহ আরও কয়েক জন আহত।
বান্দোয়ানে লেল্‌হে মাছির আক্রমণে মৃ*ত্যু শবর যুবকের, জখম ভাই-সহ একাধিক

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

জঙ্গলে লেল্‌হে মাছির চাক থেকে ডিম সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি শবর যুবকের। মাছির ঝাঁকের আক্রমণে গুরুতর জখম হয়ে মৃত্যু বছর পঁচিশের সম্রাট শবরের। তার ভাই বিদ্যুৎ-সহ আরও কয়েক জন আহত। সোমবার রাতে বান্দোয়ান থানার পুকুরকাটা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ভোরে সম্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে কয়েক জন যুবক গাছে উঠে চাক ভাঙার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরে মাছির ঝাঁক। হুলের আঘাতে গুরুতর জখম হয় সম্রাট-সহ কয়েক জন। আহত অবস্থাতেই কোনও রকমে তারা গ্রামে ফিরে আসে। কিন্তু শেষরক্ষা হয়নি সম্রাটের। মঙ্গলবার ভোরে যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তরতাজা এক যুবকের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পুকুরকাটা গ্রাম।