নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ঝালদা থানার পুলিশের সহযোগিতায় এক অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে পুরুলিয়ার 'আপনা ঘর' আশ্রমে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম কমলা রায় (৬৫)। তিনি ঝালদা পুসভার ১১ নম্বর ওয়ার্ডের বাগতিপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত কমল রায়ের স্ত্রী।
জানা গেছে, কয়েক মাস আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে এবং গত তিন বছর ধরে তার একমাত্র ছেলেও নিখোঁজ। পরিবারের কেউ পাশে না থাকায় তিনি ঝালদার বিশরা মোড়ের কাছে একটি অস্থায়ী প্লাস্টিকের শেডে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছিলেন।
খবর পেয়ে ঝালদা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এরপর ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং প্রশাসনিক সহায়তায় তাকে পুরুলিয়ার "আপনা ঘর আশ্রমে" নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী।