নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া শহরের একটি সোনার দোকানে ছদ্মবেশে প্রবেশ করে সোনার চেন চুরির ঘটনার কিনারা করল পুরুলিয়া সদর থানা। গ্রেপ্তার করা হয়েছে উত্তর ২৪ পরগনার বাসিন্দা মমতাজ বিবি ও সানিয়া বাজমীন নামের দুই মহিলাকে। কিছুদিন আগে ক্রেতা সেজে ওই দুই মহিলা দোকানে ঢুকেছিল। কায়দা করে একটি সোনার চেন নিয়ে চম্পট দেয় তারা। সিসিটিভি ফুটেজে চুরির বিষয়টি স্পষ্ট হওয়ার পরই পুলিশের দ্বারস্থ হন দোকানের মালিক।
তদন্তে নেমে পুরুলিয়া পুলিশ জানতে পারে,অন্য একটি চুরির মামলায় ওই দুই মহিলা আগেই মালদা পুলিশের হাতে ধরা পড়েছে। আইনি প্রক্রিয়া মেনে মঙ্গলবার তাদের পুরুলিয়ায় আনা হয় এবং আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো বড় চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।