সুইটি চন্দ্র, পুরুলিয়া:
জনগণের পাঠানো ভিডিওর সূত্র ধরে পুরুলিয়া জেলায় দীর্ঘ কয়েক মাস ধরে সক্রিয় থাকা এক আন্তঃরাজ্য গরু পাচার চক্রের পর্দাফাঁস করল জেলা পুলিশ। এই ঘটনায় মূল দুই কিংপিনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত ৬টি বিলাসবহুল চারচাকা গাড়ি এবং ৬টি গবাদি পশু।
বৃহস্পতিবার বেলগুমা পুলিশ লাইনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুরুলিয়ার জেলা পুলিশ সুপার কুমার শানি রাজ জানান, "ট্রাক, পিক আপ ভ্যান নয়, দুষ্কৃতীরা গরু চুরিতে স্করপিও, ইনোভা, বোলেরোর মতো চারচাকা গাড়ি ব্যবহার করছিল। পিছনের সিটগুলো খুলে নিয়ে ফাঁকা জায়গায় রাস্তা ও বাড়ির সামনে থেকে গরু চুরি করত। গাড়িগুলোতে কোনো নম্বর প্লেট থাকত না, অথবা ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হতো।"
অভিযান ও গ্রেফতার সংক্রান্ত মূল তথ্যগুলি নিয়ে পুলিশ সুপার আরও বলেন, কাশিপুর, ঝালদা, বলরামপুর, আড়শা এবং আদ্রা থানায় মোট ৫টি মামলা রুজু করা হয়েছে। ধৃত ৭ জন হল, ঝাড়খণ্ডের সরাইকেল্লা খরসাওয়ার কাপালী এলাকা থেকে ধৃত মূল কিংপিন মহম্মদ কবির এবং পাঁচ সহযোগী—নজরুল মীর, শেখ সৈয়দ, শাহনওয়াজ খান, শেখ মহম্মদ ওয়াসীম আকরাম ও মইন আনসারী।
পুরুলিয়ার কসাই মহল্লা এলাকা থেকে গরু চোরদের স্থানীয় সোর্স মহম্মদ আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে, সেই দুষ্কৃতীদের খবর দিত। ৬টি উদ্ধার হওয়া গরুকে গোশালায় পাঠানো হয়েছে। উদ্ধার বেশ কয়েকটি গাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের সরাইকেল্লা খরসাওয়ার কাপালী এলাকা এই চক্রের মূল আখড়া হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দুষ্কৃতীরা ন্যাশনাল হাইওয়ে ও স্টেট হাইওয়ে ব্যবহার করে সরাইকেল্লা ও জামশেদপুর থেকে বলরামপুর, বরাবাজার, আড়শা, পুরুলিয়া টাউন হয়ে আদ্রা পর্যন্ত পাচারকার্য চালাত। স্থানীয় বাসিন্দাদের মোবাইলে তোলা ভিডিও ও পুলিশের বিশেষ টিম এর যৌথ প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।