নিজস্ব প্রতিনিধি,জয়পুর:
গোবিন্দপুর-বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কের ব্রিজের উপর থেকে ঝুলছে জ্বালানি বোঝাই হিন্দুস্থান পেট্রোলিয়ামের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফ্লাইওভারের রেলিঙের উপর উঠে পড়ে সেটি। পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক। মুহূর্তে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন চালক ও খালাসি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুরুলিয়া মফস্বল থানার চাষমোড় সংলগ্ন ফ্লাইওভারে। খবর পাওয়া মাত্রই দ্রুত দুর্ঘটনাস্থলে এসে জয়পুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেলিঙের উপর উঠে যাওয়া গাড়িটি উদ্ধারের কাজ শুরু করে।
এক প্রত্যক্ষদর্শী জানান, "ব্রিজের সঙ্গে ধাক্কা লাগার পর ড্রাইভারের টনক নড়ে এবং সে বুঝতে পারে কিছু একটা ঘটেছে"।
স্থানীয় বাসিন্দা বিষ্ণু মাহাতো বলেন, "পুরুলিয়া থেকে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় বাঁ দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে চেপে দুর্ঘটনায় পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখতে পাই। হতে পারে চালক মদ্যপ ছিল বা ঘুম লেগে গিয়েছিল বা যান্ত্রিক গোলযোগের কারণেও দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। "