নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
আবার দুর্ঘটনা ১৮ নম্বর জাতীয় সড়কে। অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরও এক জন। বৃহস্পতিবার গভীর রাতে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের বলরামপুরের বাঁশগড় এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীরন মাহাতো (২৭)। তার বাড়ি বরাবাজার থানা এলাকায়। আহত যুবকের বাড়ি ঝাড়খণ্ডে। সে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দু'জনেই নলকূপ খননের কাজে যুক্ত ছিলো। কাজের সম্ভাব্য স্থান দেখতে যাওয়ার সময় একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাদের মোটরবাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ। বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সমীরনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুরুলিয়া মেডিক্যাল কলেজে।
ঘটনার পর ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জাতীয় সড়কের বারবার দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।