ব্লক ভোটের খবর

'বিশ সাল বাদ', পাড়া পাচ্ছে পূর্ণমন্ত্রী, মন্ত্রী হচ্ছেন নদীয়ারচাঁদ

বিশ বছর পর পাড়া বিধানসভা পেতে চলেছে পূর্ণমন্ত্রী। সিপিএমের বিলাসীবালা সহিসের পর বিজেপির নদীয়ারচাঁদ বাউরি। জেলা বিজেপি সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণে তাঁকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।
'বিশ সাল বাদ', পাড়া পাচ্ছে পূর্ণমন্ত্রী, মন্ত্রী হচ্ছেন নদীয়ারচাঁদ

 

নিজস্ব প্রতিনিধি, পাড়া:

বিশ বছর পর পাড়া বিধানসভা পেতে চলেছে পূর্ণমন্ত্রী। সিপিএমের বিলাসীবালা সহিসের পর বিজেপির নদীয়ারচাঁদ বাউরি। জেলা বিজেপি সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণে তাঁকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য দফতর হিসেবে উঠে আসছে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের নাম। পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের চেলিয়ামা গ্রামের বাসিন্দা নদীয়ারচাঁদ। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। টানা দু’বার পাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত এই নেতা দলীয় কর্মীদের কাছে যেমন গ্রহণযোগ্য, তেমনই প্রশাসনিক মহলেও তাঁর পরিচিতি রয়েছে বলে দলীয় সূত্রের দাবি।  

একসময় সিপিএমের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ছিল এই পাড়া বিধানসভা কেন্দ্র। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এখানে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী উমাপদ বাউরি। পরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০২১ সালের নির্বাচনে তাঁকে পরাজিত করে প্রথমবার বিধায়ক হন নদীয়ারচাঁদ। চলতি নির্বাচনেও তিনি নিজের আসন ধরে রাখতে সক্ষম হন।
দলীয় সূত্রের দাবি, পাড়ায় বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নদীয়ারচাঁদ। তাঁর নেতৃত্বেই এলাকায় দলের প্রভাব উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সেই ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবেই মন্ত্রিত্বের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিজেপির একাংশ। যদিও সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি নদীয়ারচাঁদ। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।