নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল প্রথা পুনরায় চালুর জোরালো দাবিতে ২৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ-এর আয়োজনে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৬। আগামী ৩০ অক্টোবর
পর্যন্ত এই পরীক্ষা চলবে।
১৯৯২ সাল থেকে ধারাবাহিক ভাবে এই পরীক্ষা আয়োজিত হয়ে আসছে। বিগত বাম আমলেই প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল তুলে দেওয়া, সরকারি বৃত্তি পরীক্ষা বন্ধ ও প্রাথমিকে ইংরেজি শিক্ষা বাতিল করা হয়। তখন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে এই পর্ষদ। পর্ষদের মতে, বর্তমান সরকার পঞ্চম শ্রেণি থেকে পাশ-ফেল চালুর কথা ভাবলেও, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও বেসরকারি স্কুলের ভিড়ে সরকারি স্কুলের পতন রোধ করতে প্রথম শ্রেণি থেকেই পাশ-ফেল ও সরকারি বৃত্তি পরীক্ষা চালু করা বাধ্যতামূলক হোক।
পর্ষদ সূত্রে জানা গেছে, শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই মোট ৪৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সাড়ে তিন হাজারের বেশি পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করছে। এর মধ্যে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে সাড়ে পাঁচশো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ৭টা১৫ মিনিট থেকে, চলবে সকাল ৯টা৪৫ মিনিট পর্যন্ত।
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পুরুলিয়া জেলার সম্পাদক সুব্রত মুখোপাধ্যায় এই পুরো প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে জানান, "ছাত্রছাত্রীদের মেধা বিকাশ ও শিক্ষার সঠিক মান মূল্যায়নের জন্যই এই আন্দোলন ও পরীক্ষা চালিয়ে যাওয়া হচ্ছে"।