সুইটি চন্দ্র, পুরুলিয়া :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর পিতাকে নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যের প্রতিবাদে রাজপথে নামল পুরুলিয়া জেলা বিজেপি। মঙ্গলবার পুরুলিয়া শহরে এক প্রতিবাদ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির মাধ্যমে ক্ষোভ উগরে দেন দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার পুরুলিয়া শহরের জেলা বিজেপি কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে নেতৃত্ব দেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি শংকর মাহাতো এবং স্থানীয় বিধায়করা। মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক যোগ দিয়ে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তীব্র স্লোগান দেন।
প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছায়। সেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কুশপুত্তলিকা দাহ করেন বিজেপি নেতা ও কর্মী-সমর্থকরা। কর্মসূচি থেকে কংগ্রেস সভাপতিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলা হয়।
ঘটনা প্রসঙ্গে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অত্যন্ত কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করে বলেন,
"প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে অপমান করে মল্লিকার্জুন খাড়গে এক দেশবিরোধী কাজ করেছেন। দেশবাসী এটি কোনোভাবেই বরদাস্ত করবে না। এর প্রতিবাদেই আজ আমরা রাজপথে নেমে তাঁর কুশপুত্তলিকা দাহ করেছি এবং অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
সাংসদ আরও হুঁশিয়ারি দিয়ে জানান, দেশ ও বিজেপির বিরোধিতায় লিপ্ত হতে গিয়ে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান আজ তৃণমূলের মতোই শোচনীয় হয়ে পড়েছে। অবিলম্বে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে এবং তাঁদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় মাপের গণ-আন্দোলন গড়ে তোলা হবে।