ক্রাইম ব্লক

১টি বাইক চুরির কিনারা করতে নেমে ৯ চোরাই বাইক উদ্ধার করল বান্দোয়ান থানা

যেন কেঁচো খুঁড়তে কেউটে! একটি মোটর বাইক চুরির তদন্তে নেমে একে একে আরও আটটি চোরাই বাইকের হদিস পেল পুলিশ। সবমিলিয়ে নটি চোরাই মোটর বাইক উদ্ধার হয়েছে।
১টি বাইক চুরির কিনারা করতে নেমে ৯ চোরাই বাইক উদ্ধার করল বান্দোয়ান থানা

 


নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

যেন কেঁচো খুঁড়তে কেউটে! একটি মোটর বাইক চুরির তদন্তে নেমে একে একে আরও আটটি চোরাই বাইকের হদিস পেল পুলিশ। সবমিলিয়ে নটি চোরাই মোটর বাইক উদ্ধার হয়েছে।
এই ঘটনায় বাবলু আনসারি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বান্দোয়ান থানার পুলিশ। গত ২১ অক্টোবর বান্দোয়ান থানায় একটি মোটর বাইক চুরির অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্তে নামেন থানার ওসি মৃণ্ময় ভক্তের নেতৃত্বে পুলিশের একটি দল। পাঁচ দিনের মধ্যে গত ২৬ অক্টোবর চুরি যাওয়া মোটর বাইকটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাবলু আনসারিকে। তার বাড়ি বরাবাজার থানার এলাকায়।

ধৃতকে আদালতে পেশ করে তিন দিনের হেফাজতে নেয় পুলিশ। আর তারপরেই ম্যাজিক! তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বরাবাজার থানার পুলিশের সহযোগিতায় ওই থানা এলাকায় অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকেই উদ্ধার হয় আরও আটটি চোরাই মোটর বাইক।

পুলিশ সুপার কুমার শানি রাজ বলেন, "বান্দোয়ানে বাইক চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ বাবলু আনসারি গ্রেপ্তার করে। তার বাড়ি বরাবাজারের খাবাসডি। তাকে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মোট ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।"
বাইকগুলো সুযোগ বুঝে বিক্রি করার পরিকল্পনা ছিল বাবলুর বলে জানতে পেরেছে পুলিশ। একটি বাইক চুরির তদন্ত করতে গিয়ে এভাবে আরও আটটি চোরাই বাইকের সন্ধান মেলায় গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। উদ্ধার হওয়া বাইকগুলির সঙ্গে অন্য কোনো চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।