নিজস্ব প্রতিনিধি, হুড়া:
মদ ভাটি খোলার প্রতিবাদে পথে নামলেন এলাকার বাসিন্দারা। শুক্রবার প্রায় দু’ঘণ্টা ধরে কাশিপুর-হুড়া সড়কের নপাড়া এলাকায় চলে পথ অবরোধ ও বিক্ষোভ। এর জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। অবরোধে সামিল হলেন মহিলারাও। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় একটি মদ ভাটি খোলার জন্য সরকারি লাইসেন্স মিলেছে। তা সত্বেও সেই প্রস্তাবিত মদ ভাটি খোলার বিরোধিতা করে এদিন শুরু হয় অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আপাতত মদ ভাটি খোলার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা না করে ওই মদ ভাটি চালু করা হবে না। এমন আশ্বাসে ওঠে অবরোধ।