অন্যান্য

বুধবার থেকে বৃষ্টি, হলুদ সতর্কতা পুরুলিয়ায়

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পুরুলিয়ায় পড়ার সম্ভাবনা না থাকলেও তার পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে জেলায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার থেকে বৃষ্টি, হলুদ সতর্কতা পুরুলিয়ায়


 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শীতের আগমনী সুরে আপাতত কাঁটা। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়ায়। বুধবার ও বৃহস্পতিবার, দু’দিনই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্গাপুজো মিটতেই রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির দোরগোড়ায় নেমেছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘ-বৃষ্টি শুরু হলে সেই শীতের আমেজ কতটা বজায় থাকবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রবিবার পুরুলিয়ায় বৃষ্টি হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি। অর্থাৎ, রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি আবহাওয়ার ছবিটা বদলাতে পারে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে। বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে তার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পুরুলিয়ায় পড়ার সম্ভাবনা না থাকলেও তার পরোক্ষ প্রভাবে বৃষ্টি হতে পারে জেলায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।