সাধারণ খবর ব্লক

বোরো থানায় পুলিশ স্মারক দিবস উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির

আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়া জেলা পুলিশের বোরো থানা। পুলিশ স্মারক দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী জনসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বোরো থানা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
বোরো থানায় পুলিশ স্মারক দিবস উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির

 


নিজস্ব প্রতিনিধি, বোরো:

আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়া জেলা পুলিশের বোরো থানা। পুলিশ স্মারক দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী জনসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বোরো থানা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

প্রতিদিন যে থানা চত্বরে অপরাধ দমন ও প্রশাসনিক কাজ চলে, এদিন সেখানেই সাধারণ মানুষের শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখতে দেখা গেল পুলিশ আধিকারিকদের। এই শিবিরে বোরো ও সংলগ্ন এলাকার বহু সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখ পরীক্ষা করার পাশাপাশি চোখের সঠিক যত্ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নানা পরামর্শ দেন।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, জনগণের সেবা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল উদ্দেশ্য। কেবল আইন-শৃঙ্খলা রক্ষাতেই পুলিশের ভূমিকা সীমাবদ্ধ নয়, সমাজের কল্যাণে পাশে দাঁড়ানোও তাদের দায়িত্ব। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বিশ্বাস আরও মজবুত করতেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন।

পুলিশ স্মারক দিবসকে কেন্দ্র করে এই ধরনের একাধিক জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ আগামী দিনগুলিতেও অব্যাহত রাখবে বোরো থানা।