নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব পড়তে শুরু করেছে পুরুলিয়াতেও। মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির শুরু। তার আঁচ লেগেছে জেলাতেও। মঙ্গলবার পুরুলিয়া কৃষি দফতরের ১৩টি বৃষ্টি মাপক কেন্দ্রের মধ্যে ১০টি এলাকায় বৃষ্টি হয়েছে। জেলার গড় বৃষ্টিপাতের পরিমাণ ৮.৭২ মিলিমিটার। তবে আবহাওয়ার আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।
কৃষি দফতরের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে, ২৮.২ মিলিমিটার। বলরামপুরে ২৩.২ মিলিমিটার, বাঘমুণ্ডিতে ১৮.২, পুঞ্চায় ১৬.২ এবং মানবাজারে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হুড়া ও জয়পুরে বৃষ্টির পরিমাণ ৪.২ মিলিমিটার করে। ঝালদায় ২.৮ এবং হাতোয়াড়ায় ২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্য দিকে, নিতুড়িয়া, সাঁতুড়ি, কাশিপুর ও পাড়ায় বৃষ্টির দেখা মেলেনি। তবে আকাশে মেঘ।
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পুরুলিয়ায় না পড়লেও তার পরোক্ষ প্রভাবে বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।
বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাতেও বদল এসেছে। মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯ ডিগ্রি। আগের দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেড়েছে।