সুইটি চন্দ্র, পুরুলিয়া:
সাঁতরাগাছি খাতিপুরা সাপ্তাহিক এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে এসে পুরুলিয়ায় রেলের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দেশে কেন্দ্রের উন্নয়নমূলক কাজ নিয়ে বিরোধীদের অস্বস্তিকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, দেশের অগ্রগতি সহ্য করতে না পেরেই চক্রান্তের পথ বেছে নিয়েছে বিরোধী দলগুলি।
রেলের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “কিছু তেলেপোকা ও ছারপোকা ভারতবর্ষের এই উন্নয়ন সহ্য করতে পারছে না। তারা চাইছে বাংলাদেশের মতো কিংবা ইউক্রেনের মতো পরিস্থিতি এখানেও তৈরি হোক। ভারত সরকারের এই অগ্রগতির কারণে তাদের রাতের ঘুম উড়ে গেছে।”
তিনি আরও দাবি করেন, দেশের ১৪০ কোটি মানুষ এবং পুরুলিয়ার ৩০ লক্ষ মানুষ কেন্দ্রীয় নেতৃত্ব ও মাননীয় শুভেন্দু অধিকারীর পাশে রয়েছেন। এটা দেখেই বিরোধীদের সহ্য হচ্ছে না।
একই সঙ্গে আগামী দিনে এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হওয়ার আশ্বাস দেন সাংসদ। তিনি জানান, "আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে প্রতি সপ্তাহে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রত্যক্ষ করবেন সাধারণ মানুষ"।