সাধারণ খবর ব্লক

ফের দুর্ঘটনা বলরামপুরের নামশোলে, বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক পিকআপ ভ্যানের চালক। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও পিকআপ ভ্যানটিকে আটক করেছে। বর্তমানে পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বলরামপুর থানার পুলিশ।
ফের দুর্ঘটনা বলরামপুরের নামশোলে, বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

 


নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

নিরাপত্তাহীনতার চেনা ছবি ফের একবার ফিরে এল ১৮ নম্বর জাতীয় সড়কে। সোমবার বিকেলে পুরুলিয়া-বলরামপুর জাতীয় সড়কের নামশোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস ও দ্রুতগতির পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কেঁপে ওঠে গোটা এলাকা। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি শিশুসহ অন্তত ৭ থেকে ৮ জন বাসযাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ পুরুলিয়া থেকে বাঘমুন্ডিগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস নির্দিষ্ট রুট ধরেই এগোচ্ছিল। নামশোল প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসতেই বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটির মাঝবরাবর ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে তড়িঘড়ি বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। স্থানান্তরিত হওয়া আহত যাত্রীরা হলেন,সতীশ সিং সর্দার, রাজেশ মাহালী, পবিত্র কুমার ও মীর ইনাশ।

দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক পিকআপ ভ্যানের চালক। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও পিকআপ ভ্যানটিকে আটক করেছে।  বর্তমানে পলাতক চালকের সন্ধানে  তল্লাশি চালাচ্ছে বলরামপুর থানার পুলিশ।