নিজস্ব প্রতিনিধি, আড়শা:
আবার টামনা -বেগুনকোদর রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে জেলার
প্রখ্যাত ঝুমুর শিল্পী ভোলানাথ মাহাতোর গাড়ি। অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার গভীর রাতে টামনা-বেগুনকোদর রাজ্য সড়কের আড়শা থানার সেনাবনা ও লছমনপুর মোড়ের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি।
এই দুর্ঘটনায় মৃত্যু হয় এক ঝুমুর শিল্পীর। আহত আরও ১২ জন। মৃত
শিল্পীর নাম দেবচরণ মাহাতো (৫৫)। তাঁর বাড়ি আড়শা থানার হেঁটজাড়ি গ্রামে। এই ঘটনায় শোকের ছায়া জেলার সাংস্কৃতিক মহলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেলার পরিচিত ঝুমুর শিল্পী ভোলানাথ মাহাতোর দল বৃহস্পতিবার কেন্দা থানার চিপিদা গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বোলেরো গাড়িতে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। গাড়িতে ছিলেন দলের ওস্তাদ ভোলানাথ মাহাতো-সহ ৬ জন মহিলা ও ৬ জন পুরুষ শিল্পী । ফেরার পথে সেনবনা ও লছমনপুর মোড়ের মাঝামাঝি জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। আহতদের মধ্যে এক জন কোনো রকমে মোবাইলে নিকটবর্তী গ্রামের পরিচিত এক জনকে বিষয়টি জানান। খবর দেওয়া হয় আড়শা থানায় । তাঁরাই ঘটনাস্থলে এসে জখমদের উদ্ধার করে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই ঝুমুর শিল্পীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি ১২ জন আহতের চিকিৎসা চলছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে আড়শা থানার পুলিশ।
মহাঅষ্টমীর রাতে এই সড়কেই আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তিনি মারা যান। জখম হন পরিবারের সদস্যরা। এই দুর্ঘটনাস্থল থেকে তৃণমূল নেতার ঘটে যাওয়া হেঁসলা মোড়ের দুর্ঘটনা এলাকাটির দূরত্ব মেরেকেটে প্রায় ২ কিমি।