সাধারণ খবর শিক্ষা

মোবাইলে মগ্ন শিশুরা! আধুনিকতার গ্রাসে হারিয়ে যাচ্ছে পুরুলিয়ার রাতকাহিনী

আধুনিকতার যুগে হারিয়ে যেতে বসেছে মানভূমের প্রাচীন লোককথা সেই রাতকাহিনী। সেই জায়গা দখল করেছে আধুনিক যন্ত্র দানব মোবাইল, টেলিভিশন। শিশুদের ঘুম পাড়ানোর জন্য আর শোনা যায় না ঘুম পাড়ানি গান, রাত কাহিনী। ফলে ক্ষতি হচ্ছে চরম।
মোবাইলে মগ্ন শিশুরা! আধুনিকতার গ্রাসে হারিয়ে যাচ্ছে পুরুলিয়ার রাতকাহিনী

 

দেবীলাল মাহাতো,আড়শা:



একটা সময় ছিল, সন্ধ্যা হলেই ঠাকুরমার ঝুলি খুলে যেত। ঠাকুমা,দিদিমা ছোটদের নানা রূপকথা শোনাতেন। বিস্ময়ভরা চোখ ও মন দিয়ে সেইসব রাত কাহিনী শুনতো শিশুরা। রাজপুত্র, কোটালপুত্র, রাক্ষস-খোক্কসের গল্প , রূপকথা, রাতকথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ত শিশুরা। কল্পনার এক জগৎ তৈরি হতো। তাই শুনে নানা প্রশ্ন উঁকি দিতো তাদের মনে । বিকাশ হতো শিশুর কল্পনাশক্তির। উন্মেষ হতো গভীর জ্ঞানের।

আধুনিকতার যুগে হারিয়ে যেতে বসেছে মানভূমের প্রাচীন লোককথা সেই রাতকাহিনী। সেই জায়গা দখল করেছে আধুনিক যন্ত্র দানব মোবাইল, টেলিভিশন। শিশুদের ঘুম পাড়ানোর জন্য আর শোনা যায় না ঘুম পাড়ানি গান, রাত কাহিনী। টিভির পর্দায় চোখ রেখে, মোবাইলে কার্টুন,রিলস দেখতে দেখতে, গেমস খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ছে শিশুরা। এর প্রভাব পড়ছে শিশুদের বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে
।  ফলে লোকসংস্কৃতির একটি ধারাই কেবল হারিয়ে যাচ্ছে না, এর প্রভাব পড়ছে শিশু মনেও। তারা হারাচ্ছে কল্পনার সেই জগৎটাকে।

সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা তপোলগ্না দাস বলেন, "অতিরিক্ত ডিজিটাল মাধ্যম ব্যবহারের ফলে শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি, ভাষাগত দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণ এবং সামাজিক আচরণ বাধাগ্রস্ত হয়। তবে সঠিক ও নির্দেশনামূলক শিক্ষামূলক কন্টেন্ট ব্যবহারে শিশুদের কিছু নতুন দক্ষতা অর্জনেও সাহায্য হতে পারে"।
মানভূম লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ হল লোকসাহিত্য। আর লোকসাহিত্যের অমূল্য সম্পদ লোকগান, লোককথা,প্রবাদ, রাত কাহিনী,ছড়া, ধাঁধা।  রাতকাহিনী শুধু গল্প নয়, পরিবেশ-প্রকৃতিকে বোঝানোর এক মাধ্যম। শিশু কাল থেকেই বিভিন্ন জিনিসকে চেনানোর বৈশিষ্ট্য লুকিয়ে থাকত এই কাহিনীগুলিতে। কল্পনাপ্রসূত সেই রূপকথার গল্পগুলো মূলত মনোরঞ্জনের জন্যই বলা হতো। অতি প্রাচীন কাল থেকেই মুখে মুখে চলে আসছে এই ধারা। বলার বিশেষ ভঙ্গিই শ্রোতার মনকে আরও আকৃষ্ট করে তুলত। এক দশক আগেও সন্ধ্যা নামলেই ছবিটা ছিল অন্যরকম। বয়স্ক মানুষেরা বাড়ির আঙিনায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসর বসাতেন। শিশুরাও সেই কাহিনী শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। আর সেই গল্প শুনতে শুনতেই ঘুমের দেশে পাড়ি দিত তারা। আধুনিকতার যুগে সেই ছবিটাই আজ অতীত।