নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
দীর্ঘ আইনি ও রাজনৈতিক টানাপোড়েন পেরিয়ে অবশেষে পুরুলিয়ার ঝালদা-১ নং ব্লকের মাড়ু মসিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন প্রিয়াঙ্কা মণ্ডল এবং উপপ্রধান হলেন রহিন কুমার। বৃহস্পতিবার প্রশাসনিক ও পুলিশি নিরাপত্তার বলয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ১১টি আসনের এই বোর্ডে কংগ্রেস ৫টি, তৃণমূল ৩টি, আজসু ১টি এবং নির্দল প্রার্থীরা ২টি আসনে জয়ী হয়েছিল। পরবর্তীতে দলবদল ও অনাস্থার জেরে তৈরি হওয়া রাজনৈতিক জটিলতা এবং ১ অক্টোবরের প্রশাসনিক অচলাবস্থার পর আদালতের হস্তক্ষেপে ঝালদা-১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে এই নির্বাচন সম্পন্ন হয়। এদিনের ভোটাভুটিতে কংগ্রেসের ৭ জন সদস্য উপস্থিত থেকে এই জয় নিশ্চিত করেন, তবে বিরোধীরা অনুপস্থিত ছিলেন।
নবনির্বাচিত প্রধান প্রিয়াঙ্কা মণ্ডল বলেন,
"দীর্ঘ আইনি লড়াই ও জটিলতা কাটিয়ে আজ আমি প্রধান নির্বাচিত হয়েছি। আমাদের লক্ষ্য এলাকার সার্বিক উন্নয়ন করা এবং মানুষের মৌলিক পরিষেবাগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া।"
নবনির্বাচিত উপপ্রধান রহিন কুমার বলেন, "দল ও পঞ্চায়েতের সকল সদস্যকে সঙ্গে নিয়ে মাড়ু মসিনা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি মানুষের উন্নয়নে আমরা একযোগে কাজ করব।"
পুরুলিয়া জেলা কংগ্রেস কমিটির জেলা সভাপতি ফণিভূষণ কুমার বলেন,
"দীর্ঘ আইনি লড়াই ও প্রশাসনিক বাধা পেরিয়ে আজ আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে যেভাবে গণতন্ত্রকে অবমাননা করে প্রশাসনের একাংশ কাজ করছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা সবসময় মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাবেন। " প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "প্রশাসন বিজেপির ইশারায় চলছে।"