স্বাস্থ্য ব্লক

শরীরের উলটো দিকে অঙ্গপ্রত্যঙ্গ! এমন রোগীর জটিলতম অপারেশনে ফের সাফল্য পুরুলিয়ায়

▪️মহিলার শরীরের উলটো দিকে ছিল সব অঙ্গ প্রত্যঙ্গ। ▪️চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে সাইটাস ইনভার্সাস টোটালিস। ▪️সেকারণেই অপারেশন খুব ঝুঁকিপূর্ণ। ▪️সেই অসাধ্যসাধন করে দেখালো পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল।
শরীরের উলটো দিকে অঙ্গপ্রত্যঙ্গ!  এমন রোগীর জটিলতম অপারেশনে ফের সাফল্য পুরুলিয়ায়

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

চিকিৎসাবিজ্ঞানে এক বিরল ও অবিশ্বাস্য সাফল্য অর্জন করল পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। সব অভ্যন্তরীণ অঙ্গ স্বাভাবিকের বিপরীত দিকে অবস্থিত থাকা (চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে সাইটাস ইনভার্সাস টোটালিস বলা হয়) এক পঞ্চান্ন বছর বয়সী মহিলার পিত্তথলি থেকে সফলভাবে পাথর ও পুঁজ বার করে দিলেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাঘমুন্ডির বাসিন্দা ওই  মহিলা দীর্ঘদিন ধরে পেটের তীব্র ব্যথায় ভুগছিলেন। চিকিৎসায় দেখা যায়, তার শরীরে অঙ্গপ্রত্যঙ্গ উল্টো দিকে থাকার পাশাপাশি পিত্তথলিতে মারাত্মক সংক্রমণ ঘটে পুঁজ জমেছিল এবং পিত্তথলির  মুখে একটি বড় ২ সেন্টিমিটার পাথর আটকে ছিল। এছাড়া রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার মতো একাধিক শারীরিক সমস্যা ছিল।

শল্য চিকিৎসক ডাঃ পবন মন্ডল বলেন,
"গত ১৪ অক্টোবর জেনারেল সার্জারি বিভাগের ইউনিট-২-এর চিকিৎসকেরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এই বিরল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি পরিচালনা করেন।" ডাঃ সোমনাথ বিশ্বাস, ডাঃ পবন মন্ডল ও ডাঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সার্জিক্যাল টিম, অ্যানাস্থেসিয়া বিভাগ ও ওটি স্টাফদের সহযোগিতায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। কোনো প্রকার ওপেন সার্জারি ছাড়াই ল্যাপারোস্কোপির মাধ্যমে এটি সম্ভব হওয়ায় রোগীর সুস্থতা দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।


রোগীর ছেলে বলেন, "পুরুলিয়ার সরকারি হাসপাতালে যে এত জটিল ও সংকটজনক কেস এত সুন্দরভাবে সফল হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।"

রোগীর জামাই বলেন, " আমার শাশুড়ির অঙ্গপ্রত্যঙ্গ সবই উল্টো দিকে ছিল, যা অত্যন্ত বিরল। পুরুলিয়ার মতো প্রান্তিক জেলায় ডাঃ পবন মন্ডলের মতো চিকিৎসক পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ওঁর অসাধারণ চিকিৎসায় আমার শাশুড়ি আজ পুরোপুরি সুস্থ। পুরুলিয়াবাসী হিসেবে আমরা চিরকৃতজ্ঞ।"

কলকাতার বড়ো বড়ো হাসপাতালে এমন জটিল অপারেশনে সাফল্যের হার যেখানে বেশ কম, সেখানে পুরুলিয়া জেলা হাসপাতালের চিকিৎসকদের এই যুগান্তকারী সাফল্য স্থানীয় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ফের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।