নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ক্যালেন্ডারে বর্ষা এলেও পুরুলিয়ার আকাশে এখনও তার পূর্ণ দাপট দেখা যাচ্ছে না। ২০ জুন জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৮.৭৫ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে, ২৭ মিমি। তবে জেলার অধিকাংশ অংশেই বৃষ্টির পরিমাণ ছিল অত্যন্ত কম।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.০ ডিগ্রি। দিনের তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসে আর্দ্রতার আধিক্যে গুমোট অস্বস্তি ছিল প্রবল।
বর্ষা যেন আসি আসি করেও আসছে না। কোনও দিন এক ব্লকে বৃষ্টি হচ্ছে, তো অন্য ব্লক শুকনো থাকছে। আবার পরের দিন চিত্রটা উল্টো। ফলে জেলার কোথাও সাময়িক স্বস্তি মিললেও সামগ্রিকভাবে গরম ও ভ্যাপসা আবহাওয়া কাটছে না। বৃষ্টির এই অসম বণ্টনের জেরে কৃষক থেকে সাধারণ মানুষ—সকলেই অপেক্ষায় রয়েছেন একটি সর্বব্যাপী বর্ষণের।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করলেও এখনও তেমন সক্রিয় হয়নি। বৃষ্টি সৃষ্টিকারী শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের অভাবে বৃষ্টিপাত ছড়ানো-ছিটানো অবস্থায় হচ্ছে। তবে আগামী কয়েক দিনে বঙ্গোপসাগরে নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরি হলে বর্ষা আরও সক্রিয় হতে পারে।
ততদিন পর্যন্ত পুরুলিয়ার সঙ্গী হয়ে থাকবে ভ্যাপসা গরম, আর্দ্রতা আর বিক্ষিপ্ত বৃষ্টির এই লুকোচুরি খেলা।