সাধারণ খবর

ঝালদায় চিকিৎসাধীন রোগীদের পাশে সাংসদ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝালদা ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের মধ্যে পুষ্টিকর ফল বিতরণ করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
ঝালদায় চিকিৎসাধীন রোগীদের পাশে সাংসদ

 


নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রক্তদান শিবির বা অন্য কোনো সাধারণ অনুষ্ঠানের চেনা ছক পেরিয়ে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়ানোর এক অন্যরকম ছবি ধরা পড়ল ঝালদায়।  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝালদা ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে  ভর্তি থাকা রোগীদের মধ্যে পুষ্টিকর ফল বিতরণ করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এই উদযাপনে মূল জোর দেওয়া হয়েছে সেবা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার ওপর। মোদীজির জন্মদিনকে ঘিরে বিজেপি যে দেশব্যাপী সমাজসেবামূলক উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে স্থানীয় প্রশাসনিক ও দলীয় প্রতিনিধিরা একজোট হয়ে এই স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে উপস্থিত হন।
ফল বিতরণ কর্মসূচিতে সাংসদের পাশাপাশি সক্রিয়ভাবে অংশ নেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো এবং বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো সহ স্থানীয় দলীয় নেতৃত্ব। হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীদের হাতে ফল তুলে দিয়ে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন ।

নেতাদের কথায়, "একদিনের কোনো সাধারণ রাজনৈতিক অনুষ্ঠান নয়। আগামী ১০ই অক্টোবর পর্যন্ত পুরুলিয়া জেলার প্রতিটি কোণায় এই বিশেষ ‘সেবা সংকল্প অভিযান’ চালানো হবে, যেখানে সাধারণ মানুষের সামাজিক ও স্বাস্থ্যকেন্দ্রিক নানা সেবামূলক কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"