স্বাস্থ্য শহর

'সৎ মা হয়েছে সরকার!' চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধির দাবিতে পুরুলিয়ায় আন্দোলন

মাসিক ৫ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধি, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চাকরি স্থায়ী করা এবং ইপিএফ-এর সুবিধা-সহ একাধিক দাবিতে মঙ্গলবার পুরুলিয়া জেলা স্বাস্থ্য ভবন চত্বরে অবস্থান- বিক্ষোভে সামিল হলেন জেলার চুক্তিভিত্তিক এমপিএইচ ডাব্লিউরা।
'সৎ মা হয়েছে সরকার!' চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধির দাবিতে পুরুলিয়ায় আন্দোলন

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যে সরকার বদলের পর বাজেটে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের ভাতা বা মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ন্যাশনাল হেলথ মিশনের আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতনও ৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সেই তালিকায় তাঁদের নাম নেই। এই অভিযোগ তুলে এ বার আন্দোলনে নামলেন চুক্তিভিত্তিক মাল্টিপারপাস হেলথ ওয়ার্কাররা।
মাসিক ৫ হাজার টাকা  সাম্মানিক বৃদ্ধি, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চাকরি স্থায়ী করা এবং ইপিএফ-এর সুবিধা-সহ একাধিক দাবিতে মঙ্গলবার পুরুলিয়া জেলা স্বাস্থ্য ভবন চত্বরে অবস্থান- বিক্ষোভে সামিল হলেন জেলার চুক্তিভিত্তিক এমপিএইচ ডাব্লিউরা। দাবিদাওয়া লেখা ব্যানার, পোস্টার হাতে নিয়ে অবস্থানে বসেন পুরুলিয়ার ৪৩ জন কর্মী। তাঁদের অভিযোগ, বাম আমলে সমস্ত নিয়ম মেনে ২০০৯-১০ সালে রাজ্য জুড়ে ২৫৮ জন চুক্তিভিত্তিক মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারকে নিয়োগ করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি পুরুলিয়াতেও তাঁদের নিয়োগ হয়। নিয়োগের সময় তিন বছরের মধ্যে তাঁদের চাকরি স্থায়ী করার কথা বলা হয়েছিল বলে দাবি আন্দোলনকারীদের। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি। অন্য কয়েকটি রাজ্যে একই ভাবে নিয়োগ হওয়া কর্মীদের চাকরি স্থায়ী করা হলেও এ রাজ্যে তাঁদের সঙ্গে ‘বিমাতৃসুলভ’ আচরণ করা হয়েছে।

  
মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার
গৌতম মাহাতো  বলেন, "আমরা ২০০৯-১০ সালে বিজ্ঞান বিষয়ে মেধা ও ক্যাবিনেট অনুমোদনের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ২৫৮ জন মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার । অন্যান্য রাজ্য এমনকি পাশের আসামেও এই পদের স্বাস্থ্যকর্মীদের স্থায়ীকরণ করা হলেও, এ রাজ্যে আমরা আজও স্থায়ী হতে পারিনি। কেন্দ্র ও রাজ্যের চুক্তি অনুযায়ী তিন বছরে স্থায়ীকরণ করার কথা থাকলেও আমরা স্থায়ী বেতন, ইপিএফ  এবং সাম্প্রতিক ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি সহ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।  আমরা সকল স্বাস্থ্যকর্মীরা মিলে এই মানবিক সরকারের কাছে আমাদের অবিলম্বে স্থায়ীকরণ ও ন্যায্য দাবিদাওয়া পূরণের জোর দাবি জানাচ্ছি"।

মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার অমিত গঙ্গোপাধ্যায় বলেন, "নতুন সরকার আসার চার মাস হলেও ডিপার্টমেন্টের অসহযোগিতার কারণে আমাদের ফাইল সরাতেই দুই সপ্তাহ লেগে যাচ্ছে। অন্য সব চুক্তিভিত্তিক কর্মীদের ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হলেও একমাত্র আমরাই বঞ্চিত হয়ে আছি। সরকারের কাছে আবেদন, আমাদের প্রতি এই সৎমা সুলভ আচরণ ও গাফিলতি বন্ধ করে দ্রুত ভাতার ব্যবস্থা করা হোক।"

আন্দোলনকারীদের  দাবি সরকার বদলের পরে নতুন সরকারের কাছে ফের নিজেদের দাবিগুলি তুলে ধরতে চাইছেন তাঁরা। একই সঙ্গে জেলা স্বাস্থ্য দফতর যাতে তাঁদের বিষয়টি গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের কাছে পাঠায় এবং দ্রুত পদক্ষেপ করে, সেই দাবিতেই এ দিনের অবস্থান-বিক্ষোভ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।