নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়ার শিক্ষামহল উথাল-পাতাল। পুলিশের হাতে এবার গ্রেফতার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের দাপুটে কর্মী সঞ্জয় মণ্ডল। রবিবার বিকেলে তাকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
খাতায় কলমে তিনি বিশ্ববিদ্যালয়ের একজন চুক্তিভিত্তিক শিক্ষা কর্মী মাত্র। কিন্তু অভিযোগ, ক্যাম্পাসের ভেতরে তার দাপট ছিল রীতিমতো চোখে পড়ার মতো! জেলার হেভিওয়েট তৃণমূল নেতাদের সঙ্গে ছিল তার সরাসরি ওঠাবসা। আর সেই রাজনৈতিক ক্ষমতার জোরেই বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের অন্দরে কার্যত ছড়ি ঘোরাতেন সঞ্জয়।
ইতিমধ্যেই তার বিরুদ্ধে উঠে এসেছে একাধিক বড়সড় বেনিয়মের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সঞ্জয় মণ্ডলের চরম ঔদ্ধত্য, লাইফস্টাইল এবং কথাবার্তায় দীর্ঘদিন ধরেই তিতিবিরক্ত ছিলেন অনেকেই। তৃণমূলের ছত্রছায়ায় থাকা এই প্রভাবশালীর হঠাৎ গ্রেফতারে এখন রীতিমতো তোলপাড় সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়।
গোটা জেলার শিক্ষামহলে এখন একটাই জল্পনা, সঞ্জয় মণ্ডলের গ্রেফতারি কি শুধুই হিমশৈলের চূড়া? এবার কি তবে বিশ্ববিদ্যালয়ের আরও বড় কোনো দুর্নীতির পর্দাফাঁস হতে চলেছে? নজর থাকবে সেদিকেই।