শুভদীপ মাহাতো, অযোধ্যা:
গণেশ চতুর্থী উপলক্ষে অযোধ্যা পাহাড়ের কোলে বসে এবার খাঁটি মহারাষ্ট্রীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ মিলছে পুরুলিয়ায়। অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'কুশল পল্লী রিসোর্ট'এ আয়োজন করা হয়েছে এক বিশেষ মহারাষ্ট্রিয়ান ফুড ফেস্টিভ্যাল। ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই উৎসবে পর্যটক ও ভোজনরসিকদের জন্য পরিবেশন করা হচ্ছে খাঁটি মহারাষ্ট্রীয় ও কোঙ্কণী খাবারের ভূরিভোজ।
এই ফুড ফেস্টিভ্যাল প্রসঙ্গে শেফ চম্পা দাস জানান, "পুরুলিয়ার মতো জনপ্রিয় পর্যটন এলাকায় ভিন্ন স্বাদের নানা পদ তুলে ধরাই তাঁদের মুখ্য উদ্দেশ্য। উৎসবে থাকছে প্রনস্ কোলিওয়াদা, ভেজ কোলহাপুরী, শুখা চিকেন, সাবুদানার বড়া ও সুস্বাদু মিসল পাও-এর মতো জিভে জল আনা একাধিক পদ। তাঁদের এই উদ্যোগের মাধ্যমে কুশলপল্লী প্রমাণ করে দিচ্ছে যে খাদ্য-বৈচিত্র্য ও আয়োজনে তারাও পিছিয়ে নেই। ফলে পুরুলিয়ায় বসেই এখন পর্যটকরা পাবেন মহারাষ্ট্রের আসল স্বাদ"।
অন্যদিকে, শেফ পরমেশ্বর আভাড জানান, "খাবার তৈরির ক্ষেত্রে গুণমান ও স্বাস্থ্যবিধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উৎসবের রান্নায় ব্যবহৃত প্রায় সমস্ত মশলা ও শাকসবজি কুশলপল্লীর নিজস্ব অর্গানিক ফার্ম থেকে সংগৃহীত। পর্যটক ও ভোজনরসিকদের এই অনন্য অভিজ্ঞতার আনন্দ নিতে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে"।