নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার আগে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
৮ সেপ্টেম্বর পুরুলিয়ায় গড় বৃষ্টিপাত হয়েছে ৪.১৫ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হুড়ায়—৩১.২ মিমি। কাশিপুরে ৮, জয়পুরে ৬.৪, ঝালদায় ৫.২ এবং হাতোয়াড়ায় ৩.১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি আটটি স্টেশনে বৃষ্টির কোনও রেকর্ড নেই।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি।
বৃহস্পতিবার পুরুলিয়া-সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।