নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
বেআইনি মদের রমরমা কারবার রুখতে পুলিশ ও আবগারি দপ্তরের অভিযান। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বাঘমুণ্ডি থানা এলাকার রবিডি এবং নিশ্চিন্তপুর গ্রামে একটি যৌথ তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকাগুলিতে দীর্ঘদিন ধরেই বেআইনি চোলাই মদ তৈরির কারবার চলছিল। এদিনের অভিযানে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করার পাশাপাশি মদ তৈরির জন্য মজুদ রাখা ১,০০০ লিটার কাঁচামাল বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়।
প্রশাসনের এই যৌথ পদক্ষেপের ফলে ওই এলাকার বেআইনি মদ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় এই ধরনের অবৈধ কাজ রুখতে আগামী দিনেও প্রতিনিয়ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।