নিজস্ব প্রতিনিধি, আড়শা:
অজানা বন্যজন্তুর আক্রমণে আহত তিন জন গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেলে আড়শা ব্লকের সীতারামপুর গ্রামের ঘটনা। আহতদের দ্রুত সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাদের ছেড়ে দেন। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের পাশেই রয়েছে ঘন জঙ্গল। সেখান থেকেই একটি বন্যজন্তু লোকালয়ে ঢুকে পড়ে। তার আক্রমণে আহত হন সীতারামপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় সিং ঘাটুয়াল, উর্মিলা সিং ঘাটুয়াল ও লক্ষ্মণ সিং ঘাটুয়াল। স্থানীয়দের দাবি, আরও কয়েক জনকে আক্রমণের চেষ্টা করেছিল জন্তুটি। তবে তাঁরা কোনও রকমে পালিয়ে বাঁচেন।
বন দফতর সূত্রের খবর , ‘‘প্রাথমিক ভাবে শিয়াল জাতীয় বন্যজন্তু বলে মনে করা হচ্ছে। নতুন করে যাতে আর কাউকে আক্রমণ করতে না পারে, সে জন্য বনকর্মীরা রয়েছেন।"