ক্রাইম ব্লক

খুনের হুমকি দিয়ে ৬ লক্ষ টাকা দাবি! স্পিড পোস্টের সূত্র ধরে জয়পুর পুলিশের জালে 'বিশ্বাসঘাতক' পরিচিত

আপাতত ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং ব্যবহৃত সামগ্রী উদ্ধারের লক্ষ্যে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে জয়পুর থানার পুলিশ।
খুনের হুমকি দিয়ে ৬ লক্ষ টাকা দাবি! স্পিড পোস্টের সূত্র ধরে জয়পুর পুলিশের জালে 'বিশ্বাসঘাতক' পরিচিত

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

স্পিড পোস্টে আসা লাল কালির চিঠিতে খুনের হুমকি! দাবি করা হয়েছিল ৬ লক্ষ টাকা। নির্দিষ্ট সময়ে অযোধ্যা হিলটপ এলাকায় সেই টাকা না পৌঁছলে প্রাণনাশের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ এবং অভাবনীয় সাফল্য পায়।

তদন্তে নেমে পুলিশ প্রথমেই চিঠির খামটি বাজেয়াপ্ত করে ডাকবিভাগে খোঁজ নেয়। জানা যায়, গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা নাগাদ পুরুলিয়া হেড পোস্ট অফিস থেকে চিঠিটি পাঠানো হয়েছিল। এরপর সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই রহস্যের জট খোলে। ফুটেজে চিঠি পোস্ট করার সময় এক ব্যক্তিকে দেখা যায়, যাকে পরে অভিযোগকারী নিজেই শনাক্ত করেন। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর জয়পুরের শ্রীরামপুর গ্রাম থেকে সুবাস মাহাতো (৫২) নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অবাক করা তথ্য। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আদতে অভিযোগকারীর অত্যন্ত পূর্বপরিচিত ও বিশ্বাসভাজন। চিঠিতে কোনো “বিশ্বাসী লোক”-এর হাত দিয়ে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পুলিশের অনুমান, সেই সুযোগ কাজে লাগিয়ে ওই ‘বিশ্বাসী লোক’ সেজে নিজেই পুরো টাকাটা আত্মসাৎ করার নিখুঁত ছক কষেছিল সুবাস।

আপাতত ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং ব্যবহৃত সামগ্রী উদ্ধারের লক্ষ্যে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে জয়পুর থানার পুলিশ।