নিজস্ব প্রতিনিধি, আড়শা ও মানবাজার:
অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ বালি আটক করল প্রশাসন। শুক্রবার আড়শা থানা ও ভূমি ও ভূমি সংস্কার দফতরের উদ্যোগে আড়শা থানার বৃদ্ধিট্যাঁড় গ্রাম থেকে বিপুল পরিমাণ বালি আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং পুলিশ। অভিযানে চালিয়ে প্রায় ৩০০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করা হয় ।
এ দিন মানবাজার থানার বামনি গ্রামের কাছ থেকেও ৩৭০০ সিএফটি বালি বাজেয়াপ্ত করে প্রশাসন। অভিযানে ছিলেন মানবাজার থানার পুলিশ, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ও জয়েন্ট বিডিও। দুই জায়গাতেই বালি মজুতের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে প্রশাসন । জেলা জুড়ে বালি কারবারের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযানে স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।