সাধারণ খবর শহর

পুরুলিয়ার বিধায়কের নাম ব্যবহার করে ভাড়াটিয়া পরিবারকে উচ্ছেদের অভিযোগ

অনুমতি ছাড়াই ভাড়াটিয়া পরিবারকে উচ্ছেদ করার জন্য বাড়ির মালিককে সহযোগিতা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ।পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।
পুরুলিয়ার বিধায়কের নাম ব্যবহার করে ভাড়াটিয়া পরিবারকে উচ্ছেদের অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ভাড়াটিয়া পরিবারকে উচ্ছেদ করতে বিজেপির দলীয় পতাকা, বিজেপি বিধায়কের ব্যানার ব্যবহারের অভিযোগ উঠল পুরুলিয়ায়। ভাড়াটিয়া পরিবারের অনুপস্থিতিতে ভাড়া বাড়ির দরজায় বিজেপি বিধায়কের ছবি সহ ব্যানার, দলীয় পতাকা লাগিয়ে ভাড়াটিয়া পরিবারকে উচ্ছেদের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে । অনুমতি ছাড়াই ভাড়াটিয়া পরিবারকে উচ্ছেদ করার জন্য বাড়ির মালিককে সহযোগিতা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ।পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।

ভাড়াটিয়া মহিলা সুইটি কুন্ডুর অভিযোগ, গত ১০ বছরের বেশি সময় ধরে পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পার্থ সারথী চট্টোপাধ্যায়ের একটি বাড়িতে ভাড়া নিয়ে  ছেলেকে নিয়ে থাকেন তিনি। স্বামী কলকাতায় কাজ করায় মাঝে মধ্যে সেই বাড়িতে আসতেন । অভিযোগ, সম্প্রতি সেই ভাড়া বাড়ি ছাড়ার জন্য বার বার ধমক চমক দেন বাড়ির মালিক । গত কয়েকমাস আগে তার সেই ভাড়া বাড়ির বিদুৎ সংযোগ এবং পানীয় জলের সংযোগ কেটে দেওয়া হয়। বাধ্য হয়ে বাপের বাড়িতে আশ্রয় নেয় ওই ভাড়াটিয়া পরিবারটি । অভিযোগ, গতকাল রাতে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বিজেপির ব্যানার, বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয় বাড়ির মূল দরজায় । ভেঙ্গে দেওয়া হয় বাড়ির তালা । বাড়ির মালিক নতুন করে তালা লাগিয়ে দেয়। তাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুঁশিয়ারি দেয় বাড়ির মালিক । অন্যদিকে বাড়ির মালিক পার্থসারথি চট্টোপাধ্যায়ের দাবি, বাড়িটি দীর্ঘদিন ফাঁকা পড়ে আছে। ফলে সেই বাড়িতে বিজেপির দলীয় কার্যালয় করার অনুমতি দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে দল সম্পূর্ণ অন্ধকারে বলে জানান বিজেপির জেলা মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ।
কেন ভাড়াটিয়া পরিবারের অজান্তেই ভাড়া বাড়িতে বিজেপির দলীয় পতাকা, বিধায়কের ছবি দেওয়া ব্যানার ব্যবহার করা হলো ? ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে পুরুলিয়ায়।তবে বিতর্ক তৈরি হতেই তড়িঘড়ি সেই বাড়িতে দেওয়া ব্যানার খুলে নেওয়া হয় । পাশাপাশি বিজেপির দলীয় পতাকায় ছেয়ে ফেলা হয় বাড়িটি ।