নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ঝালদা বনাঞ্চলে পালিত হলো একগুচ্ছ নতুন কর্মসূচি। কেন্দ্র সরকারের ‘এক পেড় মা কে নাম’ অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে পুরুলিয়া বন বিভাগের ঝালদা রেঞ্জের উদ্যোগে এদিন একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঝালদার স্থানীয় বন বিভাগের নার্সারি ঘুরে দেখেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি নার্সারির সামগ্রিক পরিবেশ, চারা গাছের যত্ন এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সরাসরি খতিয়ে দেখেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতির সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ জোর দিয়ে তিনি আহ্বান জানান, প্রতিটি মানুষ যেন তাঁদের মায়ের স্মরণে বা সম্মানে অন্তত একটি করে গাছ লাগান।
এদিন বৃক্ষরোপণের পাশাপাশি একাধিক জনকল্যাণমুখী কার্যক্রমে অংশ নেন সাংসদ। এছাড়াও ইলু স্বাস্থ্যকেন্দ্র চত্বরেও চারা গাছ রোপণ করা হয়। এই কর্মসূচিতে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শংকর মাহাতো, বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো সহ বন বিভাগ ও প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।