নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ঐতিহাসিক সোমনাথ স্বাভিমান যাত্রা উপলক্ষে পুরুলিয়া জেলা থেকে ৩৪ জন তীর্থযাত্রীর একটি দল আজ গুজরাটের উদ্দেশে যাত্রা শুরু করলেন। শনিবার সকালে পুরুলিয়া জেলাশাসক দপ্তরের প্রাঙ্গণ থেকে তীর্থযাত্রীদের বিশেষ বাসে করে আসানসোল স্টেশনের উদ্দেশ্যে বিদায় জানানো হয়। আসানসোল থেকে বিশেষ ট্রেনে চেপে তাঁরা গুজরাটের সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন।
এই যাত্রার সম্পূর্ণ আর্থিক ব্যয়ভার বহন করছে পশ্চিমবঙ্গ সরকার। অন্যদিকে, তীর্থযাত্রীরা গুজরাটে পৌঁছানোর পর সেখানে তাঁদের থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের যাবতীয় সুব্যবস্থা করার দায়িত্ব নিয়েছে গুজরাট সরকার। রাজ্য প্রশাসনের এই উদ্যোগে খুশি তীর্থযাত্রী ও তাঁদের পরিবার।
পুরুলিয়া জেলাশাসক দপ্তরের প্রাঙ্গণে উপস্থিত থেকে তীর্থযাত্রীদের উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থাম। তিন জানান, "সোমনাথ স্বাভিমান যাত্রা উপলক্ষে আজ আমাদের পুরুলিয়া জেলা থেকে ৩৪ জন তীর্থযাত্রী সোমনাথের উদ্দেশ্যে রওনা হলেন। জেলাশাসক দপ্তর থেকে বিশেষ বাসে করে তাঁদের আসানসোল স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে তাঁরা বিশেষ ট্রেনে গুজরাট যাবেন। এই যাত্রার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করছে এবং গুজরাটে পৌঁছানোর পর সেখানকার সরকারও তাঁদের নিরাপত্তার পাশাপাশি থাকা-খাওয়ার সবরকম ব্যবস্থা গ্রহণ করবে। আমি সমস্ত তীর্থযাত্রীর শুভ ও নিরাপদ যাত্রা কামনা করি।"
প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ তীর্থযাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত তীর্থযাত্রীর সফর যাতে নির্বিঘ্ন ও আরামদায়ক হয়, তার জন্য সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।