নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
তালের হরেকরকম স্বাদে মেতে উঠল মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি বিদ্যালয়ে বিশেষ ‘তিথি ভোজন’ কর্মসূচির মধ্য দিয়ে 'তাল উৎসব'-এর আয়োজন করা হয়।
উদ্যানপালন বিভাগের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ড. সমীরেন্দ্রনাথ খাঁড়ার বদান্যতা ও সহায়তায় এই বিশেষ আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথাগত মিড-ডে মিলের গণ্ডি পেরিয়ে তালের সুস্বাদু পদ পরিবেশন করা হয় খুদে শিক্ষার্থীদের পাতে। খাবারের তালিকায় ছিল তালের পিঠে, তালের লুচি, ফুলুরি, চুষি পিঠে এবং গরম ঘুগনি। তালের সুবাস এবং নানা পদের মেলবন্ধনে বিদ্যালয়ের আঙিনা যেন উৎসবের মেলবন্ধনে রূপ নেয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে আনন্দিত শিক্ষার্থীরা। এক থালা সুস্বাদু খাবার সামনে পেয়ে তাদের মুখে ফুটে ওঠে হাসি।