দেবীলাল মাহাতো, আড়শা:
ভাদ্র মাস এলেই জঙ্গলমহল মানুষজন মেতে ওঠে করম উৎসবে। প্রকৃতি ও ভ্রাতৃত্বের প্রতীক করম উৎসবই জঙ্গলমহলের লোকসংস্কৃতির প্রাণ। আর সেই উৎসবকে ঘিরেই এ বার টামনা থানার কড়াডি মাঠে বিরাট আয়োজন করছে আদিবাসী কুড়মি সমাজ। আগামী ২০ সেপ্টেম্বর সেখানে অনুষ্ঠিত হবে বিশাল আকারের ‘‘করম পরবতীয়া মহাজড়ুআহি’’ বা মহা করম উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উৎসব কেন্দ্র করে গ্রামে গ্রামে এখন সাজো সাজো রব। এই উৎসবের জন্য বাজারে বেড়েছে হলুদ শাড়ি, পাঞ্জাবি ,গামছার বিক্রি। করম উৎসবের মূল পোশাক হলুদ হওয়ায় দোকানে দোকানে পড়ছে লম্বা লাইন। উৎসবের দিন যত এগিয়ে আসছে, জঙ্গলমহল জুড়ে এই হলুদ শাড়ির বিক্রিও তত বাড়ছে।
জঙ্গলমহলের মানুষের কাছে এ বার করম উৎসব অন্য মাত্রা পেয়েছে। বেশ কয়েক বছর ধরেই কুড়মি জাতিকে তফসিলি উপজাতিভুক্ত (এসটি) করা-সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে আদিবাসী কুড়মি সমাজ। কখনও রেল টেকা, আবার কখনও ডহর ছেঁকা কর্মসূচি হয়েছে। সেই পথ থেকে সরে এসে এ বার সাংস্কৃতিক ভাবেই শক্তি প্রদর্শনের পথে হাঁটছে তারা। তাই আগামী ২০ সেপ্টেম্বর টামনা থানার কড়াডি মাঠে আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে ‘‘করম পরবতীয়া মহাজড়ুআহি’’ বা মহা করম উৎসব। অংশ নেবে ৪০ হাজার করম নাচের দল। এই উৎসবে যোগ দেওয়ার আগে বাজারে হলুদ শাড়ি, পাঞ্জাবি ও হলুদ গামছার চাহিদা তুঙ্গে। একই ভাবে পঞ্চায়েত ভোটের আগে হলুদ রঙের গামছা কুড়মি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। আট থেকে আশি, সকলের গলায় ঝুলছিল হলুদ রঙের গামছা। এ বার করম উৎসবের আগে ছবিটা আরও স্পষ্ট। দোকানে দোকানে হলুদ শাড়ি কেনার জন্য মহিলাদের লম্বা লাইন পড়ছে। পিছিয়ে নেই ছেলেরাও। হলুদ পাঞ্জাবি, গামছার চাহিদাও বাড়ছে হু হু করে। মূলত, হলুদ রং কুড়মি সমাজের আন্দোলনের প্রতীক। তাই এই করম উৎসবকে কেন্দ্র করে সেই হলুদের ছোঁয়াই এখন জঙ্গলমহলের বাজারে। আড়শা ব্লকের আহাড়রা গ্রামের কাপড় ব্যবসায়ী উত্তম মাহাতো বলেন, "করম উৎসবের আগে হঠাৎ করে হলুদ শাড়ির বিক্রি বেড়ে গিয়েছে। চাহিদা অনুযায়ী জোগান দেওয়া মুসকিল হয়ে পড়েছে। এক একটি শাড়ি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকায়। " কাশিপুর ব্লকের চুনা গ্রামের সরোজ মাহাতো, বলরামপুর ব্লকের উরমা গ্রামের রঞ্জিত মাহাতো, আড়শা ব্লকের পাটট্যাঁড় গ্রামের ভগবান মাহাতো বলেন," কুড়মি সমাজের যে নেগাচার রীতিনীতি রয়েছে তার সঙ্গে হলুদ রঙের একটা আলাদা সম্পর্ক রয়েছে। আমরা হলুদ রঙকে শুভ ও পবিত্র বলে মনে করি।" করম পরবের আগে জঙ্গলমহলের বাজার এখন হলুদময়। হাটে-বাজারে, দোকানে-দোকানে শুধু হলুদের ছড়াছড়ি। করম উৎসবকে ঘিরে হলুদ শাড়ি, পাঞ্জাবি আর গামছায় সেজে উঠেছে গোটা জঙ্গলমহল।