নিজস্ব প্রতিনিধি, আড়শা:
ফের বেআইনি পোস্ত চাষ রুখতে তৎপর হল আড়শা থানার পুলিশ। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনী ও বন দফতরকে সঙ্গে নিয়ে অযোধ্যা পাহাড়তলির বিস্তীর্ণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়। ড্রোন উড়িয়ে জঙ্গল লাগোয়া ফাঁকা জমি, নদীর চর ও দুর্গম এলাকায় নজরদারি চালানো হয়। পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এদিন আড়শা ব্লকের হেঁটগুগুই অঞ্চলের ঘাটিয়ালি, বামনি, ভীমজাড়া-সহ একাধিক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হয় । পোস্ত চাষ যে সম্পূর্ণ বেআইনি ও আইনত দণ্ডনীয় অপরাধ, তা বোঝানো হয় গ্রামবাসীদের। মাইকিং করেও করেও সতর্ক করা হয়।
পুলিশ সূত্রে খবর, প্রতি বছর শীতের শুরু থেকেই অযোধ্যা পাহাড়তলির বিভিন্ন এলাকায় লুকিয়ে পোস্ত চাষের প্রবণতা দেখা যায়। লাভের আশায় অনেকেই এই বেআইনি চাষে জড়িয়ে পড়েন। তাই মরসুম শুরু হওয়ার আগেই আগেভাগে মানুষকে সতর্ক করতেই এই বিশেষ উদ্যোগ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়, বন দফতরের আধিকারিকেরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।