ক্রাইম ব্লক

টামনা হত্যাকাণ্ডে এলো ফরেনসিক দল, চললো নমুনা সংগ্রহ

আদালতের নির্দেশে অমিতকে ন’দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলরামপুর থানার পুলিশ। সেই জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেনসিক দল।
টামনা হত্যাকাণ্ডে এলো ফরেনসিক দল, চললো নমুনা সংগ্রহ

 


নিজস্ব প্রতিনিধি, টামনা:


কী ভাবে প্রেমিকাকে খুন করেছিল? খুনের পর কী ভাবেই বা দেহ লোপাটের চেষ্টা করেছিল? পুলিশের সামনে সেই ঘটনারই পুনর্নির্মাণ করল টামনা হত্যাকাণ্ডে ধৃত যুবক অমিত মাহাতো। মঙ্গলবার তাকে সঙ্গে নিয়ে টামনা থানা এলাকার তার মেসে পৌঁছায় পুলিশ। সঙ্গে ছিলেন ফরেনসিক দলের সদস্যেরাও। ঘটনাস্থলে ছিলো বলরামপুর এবং টামনা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে অমিতকে দিয়ে ঘটনার বিভিন্ন ধাপ করে দেখানো হয়। কী ভাবে ধারালো অস্ত্র দিয়ে যুবতীকে খুন করা হয়েছিল, কী ভাবে দেহ বস্তাবন্দি করা হয় এবং তার পরে বাইকে চাপিয়ে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল—তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনাও সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ ওঠে অমিতের বিরুদ্ধে। এর পরে দেহ বস্তায় ভরে বাইকে চাপিয়ে লোপাটের চেষ্টা করেছিল সে। মাঝরাতে বলরামপুর এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় অমিত। তাঁর বাড়ি বাঘমুণ্ডি থানার হুড়ুমদা গ্রামে। মৃত যুবতীও ওই থানা এলাকার বাসিন্দা।আদালতের নির্দেশে অমিতকে ন’দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলরামপুর থানার পুলিশ। সেই জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেনসিক দল। খুনের নেপথ্যে ঠিক কী ঘটেছিল এবং দেহ লোপাটের পরিকল্পনা কী ভাবে করা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।