নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পোস্ত চাষ বেআইনি। তবুও মুনাফার লোভে কিছু চাষি গোপনে পোস্ত চাষ করে থাকেন। সেই বেআইনি পোস্ত চাষ রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করল আড়শা থানার পুলিশ। সোমবার আড়শা থানার ভুদা, বান্দুডি, তানাসি , হারাদা, সীতারামপুর, ঘাটিয়ালি-সহ একাধিক গ্রামে গিয়ে পুলিশ সাধারণ মানুষকে সচেতন করে। পোস্ত চাষ যে আইনত দণ্ডনীয় এবং এর ফলে কঠোর শাস্তি হতে পারে, তা গ্রামবাসীদের বোঝানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণত শীত পড়তেই জেলার বিভিন্ন এলাকায় পোস্ত চাষ শুরু হয়। তাই মরসুম শুরু হওয়ার আগেই আগেভাগে মানুষকে সতর্ক করতেই এই প্রচার অভিযান।
এ দিনের প্রচারে উপস্থিত ছিলেন আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।