নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রবিবার ছুটির দিন আচমকাই পুরুলিয়া শহরের ব্যস্ততম রাস্তাগুলোতে বাড়ল পুলিশি তৎপরতা। শুধু সচেতনতার মিষ্টি কথায় আর কাজ হবে না, আইন ভাঙলে যে কড়া মাশুল গুনতে হবে তা স্পষ্ট করে দিল জেলা ট্রাফিক পুলিশ। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের কর্তারা একযোগে অভিযানে নামেন। একদিকে যেমন চলল আইনভঙ্গকারীদের থেকেই জরিমানা আদায় করার প্রক্রিয়া, অন্যদিকে তেমনই সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম বোঝাতে দেখা গেল পুলিশকে।
এদিনের অভিযানের মূল কেন্দ্রবিন্দু ছিল পুরুলিয়া শহরের ব্যস্ত ফরেস্ট অফিস মোড় এলাকা। পুলিশ সূত্রে খবর, মূলত পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে সুরক্ষাকবচ ব্যবহারের প্রবণতা বাড়াতেই এই বিশেষ উদ্যোগ।
অভিযান চলাকালীন পুলিশ আধিকারিকরা মূলত কয়েকটি বিষয়ের ওপর জোর দেন। বাইক চালক ও আরোহী উভয়ের মাথাতেই হেলমেট থাকা বাধ্যতামূলক। হেলমেটহীন চালকদের ধরে অন-স্পট জরিমানা করা হয়। একটি বাইকে দুটির বেশি মাথা দেখলেই দাঁড় করানো হয় গাড়ি। আইন ভাঙার দায়ে করা হয় ফাইন।
কেবল বাইক নয়, চার চাকার গাড়ির ক্ষেত্রে চালক ও সহ-যাত্রী সিট বেল্ট বেঁধেছেন কিনা, তাও কড়াভাবে পরীক্ষা করা হয়।
রাস্তায় নেমে শুধু ফাইন কেটেই দায়িত্ব শেষ করেনি ট্রাফিক পুলিশ। আইনভঙ্গকারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তাও বোঝান আধিকারিকরা। তবে ট্রাফিক পুলিশের কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযান কোনো এককালীন বা সাময়িক বিষয় নয়। দুর্ঘটনা মুক্ত পুরুলিয়া গড়তে আগামী দিনগুলোতেও এই ধরণের আকস্মিক চেকিং এবং জরিমানা আদায় লাগাতার চালানো হবে।