নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ‘
‘করো যোগ, রহো নিরোগ’’— এই বার্তাকে সামনে রেখে শুরু হয়েছিল যোগাভ্যাস। সেই যোগাভ্যাসের ১০০ দিন পূর্ণ হল পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড়ো গ্রামে।গাড়াফুসড়ো অঞ্চল যোগা টিমের উদ্যোগে প্রতিদিন ভোরে গ্রামের মাঠে জড়ো হন গ্রামবাসীরা। ছোট থেকে বড়, সকলেই যোগাভ্যাসে অংশ নেন। শরীর সুস্থ রাখা, মনকে শান্ত রাখা আর রোগমুক্ত জীবনের বার্তা নিয়েই এই উদ্যোগ শুরু হয়েছিল। দেখতে দেখতে ১০০ দিন পেরিয়ে গেল। সেঞ্চুরির দিনটিকে স্মরণীয় করে রাখতে রবিবার স্বাস্থ্য , রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো সহ এলাকার বিশিষ্টজনেরা।এ দিন মোট ২৫ জন রক্তদান করেন। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। যোগা টিমের সদস্য রথীন্দ্রনাথ মাহাতো, বিশাল দুবে , মানিক মাহাতো বলেন ,শুধু যোগাভ্যাস নয়, সমাজসেবামূলক কাজেও আগামী দিনে তাঁরা এগিয়ে আসতে চান। ঝালদার কুশি ময়দানে অনুষ্ঠিত যোগাভ্যাস তাদের অনুপ্রেরণা দিয়েছে।
বিধায়ক জলধর মাহাতো বলেন, ‘‘যোগ মানুষকে সুস্থ রাখে। গাড়াফুসড়োর বাসিন্দারাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। "