নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কুড়মিদের দাবিতে কি মিলবে কেন্দ্রের সবুজ সঙ্কেত? কুড়মালি ভাষার অষ্টম তফসিলভুক্তির দাবি কি এ বার বাস্তবায়নের পথে? আগামী ২০ নভেম্বর নবান্নে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিকেল ৩টেয় ওই বৈঠক হওয়ার কথা। সংসদের শীতকালীন অধিবেশনের আগে এই বৈঠক ঘিরে জঙ্গলমহলের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সংগঠনের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো বারবারই জানিয়েছেন, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা তাঁদের অন্যতম প্রধান দাবি। শীতকালীন অধিবেশনের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।
গত ২০ সেপ্টেম্বর পুরুলিয়ায় করম উৎসবে যোগ দিয়ে ৩০ সেপ্টেম্বর কুড়মি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে উৎসবের মরসুমের কারণে তা হয়নি। ১২ নভেম্বর বাঁকুড়ার রাইপুরে বাঁদনা পরবে যোগ দিয়ে ১৭ নভেম্বর নবান্নে বৈঠকের কথা জানান তিনি। সেই বৈঠকই পিছিয়ে ২০ নভেম্বর হয়েছে বলে জানা গিয়েছে।
এ দিকে, ২১ নভেম্বর পুরুলিয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা আসছেন। ফলে সেদিন ওই বৈঠক হচ্ছে না। অন্য দিকে, শীতকালীন অধিবেশনের আগে অজিত প্রসাদ মাহাতোর দিল্লি যাওয়ার কথা। বিজেপি সূত্রে খবর, ওই সময় দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রীও।
আদিবাসী কুড়মি সমাজের উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, "শীতকালীন অধিবেশনের আগেই দিল্লি যাচ্ছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ওঁকে অনুরোধ করেছি যাতে সে সময় দিল্লি যান।"
একদিকে নবান্নের বৈঠক অন্যদিকে অজিত বাবুর দিল্লি সফর—দুইয়ের দিকেই নজর কুড়মি সমাজের।