নিজস্ব প্রতিনিধি, আড়শা:
কুকুরের কামড়ে আহত একটি নয় মাসের হনুমান শাবককে উদ্ধার করল আড়শা বনদফতরের কর্মীরা। বৃহস্পতিবার আড়শা ব্লকের তুম্বাঝালদা গ্রাম থেকে হনুমানটিকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা নাগাদ একটি কুকুর শাবকটিকে তাড়া করে । তারপরেই কুকুরটি তার বামকানে ও ডান হাতে কামড় বসায় । আহত হয়ে একটি গাছের ডালে বসে পড়ে শাবকটি। গ্রামবাসীরা তা দেখতে পেয়ে খবর দেন বনদফতরে। পরে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত হনুমানটিকে উদ্ধার করে বনদফতরের অফিসে নিয়ে আসেন। বনদফতর সূত্রে জানা গিয়েছে , শুক্রবার হনুমানটিকে পুরুলিয়া পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য গত বছর ঠিক এইরকম সময়ে একটি হনুমানের তাণ্ডবে এলাকার একের পর এক মানুষ আহত হয়েছিলেন। সেই স্মৃতি মাথায় রেখেও এলাকাবাসীরা যেভাবে হনুমান শাবকটির পরিচর্যায় এগিয়ে এলেন তার প্রশংসা করেছে বনদফতরও।