নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
মোটরসাইকেলে মডিফায়েড সাইলেন্সার লাগিয়ে বিকট শব্দ করতে করতে রাস্তায় দাপিয়ে বেড়ানোর অভিযোগে ছয় যুবককে আটক করল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি বোরো থানা এলাকার ধরমপুরের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ নভেম্বর রাতে ঠাকুর দেখতে বা মেলা ঘুরতে কেন্দা থানা এলাকা থেকে দু’টি মোটরসাইকেলে চেপে ধরমপুরে এসেছিল ছয় যুবক। দু’টি বাইকেই লাগানো মডিফায়েড সাইলেন্সার। ফেরার পথে বিকট শব্দ করতে করতে যাচ্ছিল তারা। বিষয়টি নজরে আসতেই তৎপর হন বোরো থানার আরটি অফিসার এএসআই দীনবন্ধু বাউরি। বাইক দু’টিকে আটক করতে ধাওয়া করে ছ’জনকেই ধরে ফেলে পুলিশ।
পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে ঘটনার কথা জানানো হয়। মোটর ভেহিকলস আইন অনুযায়ী বাইক দু’টির বিরুদ্ধে মামলা করা হয়েছে। খুলে নেওয়া হয়েছে মডিফায়েড সাইলেন্সার। তার বদলে সংস্থার নির্ধারিত সাইলেন্সার লাগানোর ব্যবস্থাও করে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, বেআইনি ভাবে সাইলেন্সার পরিবর্তন করে শব্দদূষণ সৃষ্টি, বেপরোয়া বাইক চালানো এবং সাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর বিরুদ্ধে নজরদারি চলবে। সড়ক নিরাপত্তা ও জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযানে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।